একই দিনে বিশ্বজুড়ে ও বাংলাদেশে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’, প্রাগৈতিহাসিক রহস্যে বাঁচামারার লড়াই।
আন্তর্জাতিকভাবে মুক্তির দিনেই আজ থেকে স্টার সিনেপ্লেক্সে সায়েন্স ফিকশন, মিস্ট্রি ও সারভাইভাল থ্রিলার ছবি ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ উপভোগ করতে পারবেন। ডেভিড রবার্ট মিশেল পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় প্ল্যাট পরিবারের চরিত্রে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ইউয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা ও ক্রিশ্চিয়ান কনভেরি।
গল্পের প্রেক্ষাপট ১৯৮০-এর দশকে। রহস্যময় এক মহাজাগতিক ঘটনায় শহরতলির ওক স্ট্রিট পৃথিবীর বুক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে অচেনা প্রাগৈতিহাসিক জঙ্গলে। চারদিকে বিচরণ বিশাল আকৃতির ডাইনোসরের। বেঁচে
থাকার এই অসম লড়াইয়ে খাদ্যের অভাব ও অচেনা পরিবেশের পাশাপাশি পরিবারের নিজেদের মধ্যকার মানসিক টানাপড়েনও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এটি কেবল প্রাগৈতিহাসিক দানবের হাত থেকে পালানোর গল্প নয়; বরং মহাজাগতিক এই স্থানান্তরের রহস্য উন্মোচনের এক মনস্তাত্ত্বিক যাত্রা। পরিচালকের নিজের শৈশবের পরিচিত গলি ও রাস্তার শেষ প্রান্তের রহস্যময় অনুভূতি থেকেই সিনেমাটির মূল ধারণার জন্ম। এতে অ্যান হ্যাথাওয়ের ভয়, শক্তি ও অসহায়ত্বের সংমিশ্রণে গড়া অভিনয় সিনেমাটিকে আলাদা মাত্রা দিয়েছে।