নাটক পরিচালনায় রজতজয়ন্তী (২৫ বছর) পূর্ণ করলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এই সাফল্য উদযাপনে প্রযোজনা প্রতিষ্ঠান ‘লেজার ভিশন’-এর ব্যানারে তিনি নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বিষণœ মেঘ’। ইফফাত আরেফীন তন্বীর গল্পে নাটকে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান।
এ পথচলা প্রসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘দীর্ঘ ২৫ বছরের এই পথচলা দর্শকের ভালোবাসা ছাড়া সম্ভব হতো না। লেজার ভিশনের সঙ্গে এই উদযাপন এবং চমৎকার একটি গল্পে তারকাদের নিয়ে ‘বিষণœ মেঘ’ নির্মাণ করতে পেরে আমি দারুণ আনন্দিত।’
অভিনেত্রী মম বলেন, ‘দিদির ২৫ বছর উদযাপনের অংশ হতে পেরে ভালো লাগছে। চমৎকার গল্পটি দর্শকের মন ছুঁয়ে যাবে।’ ইরফান সাজ্জাদ যোগ করেন, ‘২৫ বছর ধরে ধারাবাহিকভাবে কাজ করতে মেধা লাগে। দিদির নাটকে একটা নিজস্ব সিগনেচার স্টাইল থাকে।’ সাদিয়া আয়মানের ভাষ্য, ‘দিদির সুবিন্যস্ত নির্দেশনা ও রোমান্টিক গল্প বলার ক্ষমতা অনন্য।’
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নাটকটি দ্রুতই এটিএন বাংলায় প্রচারের পর লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।