হঠাৎ রাস্তার পাশে থাকা একটি পুরনো সীমান্তদেয়াল ধসে পড়ে। নিচেই খেলছিল চার বছর বয়সী মাহিদ হোসেন। এ সময় খেলারত অবস্থায় দেয়ালের নিচে চাপা পড়ে আরও দুই শিশু গুরুতর আহত হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে মাহিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর ভাটারা থানার শাহজাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সেখানে একটি বাড়ির পাইলিং শেষে নিরাপত্তা নিশ্চিত না করে ফাউন্ডেশনের কাজ চলছিল। ওই বাড়ির সীমানাদেয়াল ছিল পুরনো এবং দেয়ালে ফাটা ছিল। হঠাৎ দেয়ালটি ভেঙে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহত অন্য দুই শিশুকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মাহিদের বাবা হাবিব হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি ভোলার সদর উপজেলার রতনপুর গ্রামে। বর্তমানে তারা খিলবাড়ীরটেক হাজারী গলির একটি বাসায় ভাড়া থাকেন। তিনি পেশায় প্রাইভেটকার চালক। মাহিদের মা মৌসুমী আক্তার গৃহিণী। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মাহিদের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানাকে জানানো হয়েছে।