দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯৩ জন। সব মিলিয়ে চলতি মাসের ১৩ দিনে মৃত্যু হয়েছে ১১ জনের, হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৯৩৩ জন।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৮০ জন, চট্টগ্রামে ৯৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৯ জন, খুলনায় ১০৩ জন, ময়মনসিংহে ৪৩ জন, রাজশাহীতে ৫১ জন, রংপুরে ১৫ জন এবং সিলেটে ৫ ভর্তি হয়েছেন। আর এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৬৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২৪৩ জনে। আর এ বছরে মোট মৃত্যু হয়েছে ৬৫ জনের। মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও এখন পর্যন্ত ডেঙ্গু মোট আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ২ শতাংশ নারী।