এক আসামির মৃত্যুদন্ড অন্যজনের যাবজ্জীবন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার জুয়েলারি ব্যবসায়ী অমর সরকার হত্যা মামলায় দুই আসামিকে সাজা দিয়েছে আদালত। এদের মধ্যে আসামি হৃদয় সূত্রধরকে মৃত্যুদন্ড এবং জয় বিশ্বাস অনিককে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে জয় বিশ্বাস অনিককে ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ মো. কামাল হোসাইন এ রায় দেন। এ সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হৃদয়  সূত্রধর  আদালতে উপস্থিত থাকলেও যাবজ্জীবনপ্রাপ্ত আসামি জয় বিশ্বাস অনিক পলাতক ছিলেন। অমল মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি গ্রামের বাসিন্দা। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি অনিক অমলের দোকানের কর্মচারী ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. সালমা জানান, এ মামলার ২১ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে। আদালত সঠিক রায় দেওয়ায় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি।

মামলার এজাহার ও আদালতের নথি থেকে জানা যায়, নিহত অমর সরকার পার্শ্ববর্তী নারায়ণপুর বাজারে জুয়েলারি ব্যবসা করতেন। প্রতিদিন ব্যবসা শেষে রাতের দিকে তিনি দোকানের স্বর্ণালংকার ও নগদ টাকা সঙ্গে নিয়ে বাড়ি ফিরতেন। ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করে। রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত হৃদয় সূত্রধরকে সাজা ভোগের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আর জয় বিশ্বাস অনিকের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয় আদালত।