নেত্রকোনায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নেত্রকোনায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘনায় আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পূর্বধলা উপজেলাধীন নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি সারবোঝাই ট্রাকের সঙ্গে নেত্রকোনাগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

পিকআপে ছাগলসহ বেশ কয়েকজন যাত্রী ছিলেন। সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারীসহ দুজন নিহত হন। আহত আরও তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাস্তায় দুজন মারা যান।

তাৎক্ষণিকভাবে নিহত সবার পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে ময়মনসিংহের চৌরাংগির মোড়ের আব্দুল গফুর নামে একজন বাবুর্চি রয়েছেন। হাইওয়ে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে দুর্ঘটনায় সড়কের মাঝখানে সারবোঝাই ট্রাক ও পিকআপ পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনা পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সড়ক থেকে গাড়িটির সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছেন।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, পিকআপ ভ্যানটিতে ছাগল,

দুধসহ বেশ কয়েকজন যাত্রী ছিলেন।

ধারণা করা হচ্ছে তারা মাজারে যাওয়ার জন্য রওয়ানা হয়েছিলেন। নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত এক শিশুকে উদ্ধার করে নেত্রকোনা হাসপাতালে পাঠানো হয়েছে। সারবোঝাই ট্রাকটি থেকে সার উদ্ধার করে সড়কের পাশে রাখা হয়েছে।