মানবাধিকার আইন লঙ্ঘনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বে এগিয়ে: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধী হিসেবে অভিহিত করেছে। মন্ত্রণালয় বলেছে, সশস্ত্র সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য আন্তর্জাতিক বিধিবিধান তারা নিয়মতান্ত্রিকভাবে লঙ্ঘন করে চলেছে। শুক্রবার (১৪ আগস্ট) ইরানের ফার্স নিউজের এক প্রতিবেদনে  এ তথ্য দেয়া হয়। 

চারটি জেনেভা কনভেনশন গৃহীত হওয়ার ৭৭তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দখলকৃত ফিলিস্তিন এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে ইসরায়েল যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ সবচেয়ে গুরুতর আন্তর্জাতিক অপরাধগুলো করেছে।

মন্ত্রণালয় আরও বলেছে, গত দেড় বছর ধরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের সময় জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন ঘটেছে। এ সময় হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয়, আবাসিক এলাকা, সেতু, বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামোয় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে তারা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মিনাবে শিক্ষার্থী ও শিক্ষকদের হত্যা, লামার্দের একটি স্টেডিয়ামে হামলা এবং কিশ দ্বীপের কেশমে আবাসিক বাড়িতে বোমা হামলার ঘটনাকে ইরানি জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সংঘটিত হাজারো যুদ্ধাপরাধের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে।

মন্ত্রণালয় বলেছে, ইরানের অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দেওয়া বক্তব্য এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে বারবার হামলার ঘটনা আন্তর্জাতিক মানবিক আইন গুরুতরভাবে লঙ্ঘনের একটি ইচ্ছাকৃত ও পরিকল্পিত ধারার প্রমাণ।