দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

শের বাহাদুর দেউবার ঘনিষ্ঠ নেতারা তাকে আবার দলের সভাপতি হিসেবে গ্রহণ করে তার নেতৃত্বেই ১৫তম সাধারণ সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছেন।

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৪:৫৫ পিএম

নেপালের পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী এবং নেপালি কংগ্রেসের সাবেক সভাপতি শের বাহাদুর দেউবা প্রায় পাঁচ মাস বিদেশে থাকার পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশে ফিরে নিজ দলেই তীব্র তোপের মুখে পড়েছেন। দুর্নীতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফেরার পর দলের ভেতরে তার নেতৃত্ব নিয়ে নতুন করে কোন্দল ও বিরোধ তৈরি হয়েছে।

নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন মোড় নিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও দলটির সাবেক সভাপতি শের বাহাদুর দেউবার ঘনিষ্ঠ নেতারা তাকে আবার দলের সভাপতি হিসেবে গ্রহণ করে তার নেতৃত্বেই ১৫তম সাধারণ সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। তবে দলটির একাংশ তাকে আর সভাপতি হিসেবে চায় না।

নেপালের সুপ্রিম কোর্ট গত ১৭ এপ্রিলের রায় পুনর্বিবেচনার অনুমতি দেওয়ার পর দেউবা-ঘনিষ্ঠ শিবির এই প্রস্তাব সামনে এনেছে। ওই রায়ে গগন থাপার নেতৃত্বাধীন কংগ্রেস কমিটিকে দলের বৈধ নেতৃত্ব হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

এখন দেউবা-সমর্থক নেতারা বলছেন, সামনে দুটি পথ খোলা রয়েছে—সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করা অথবা দেউবার নেতৃত্বে সাধারণ সম্মেলন আয়োজন করা।

দেউবার ঘনিষ্ঠ নেতা প্রকাশ শরণ মহাত বলেন, আমরা হয় আদালতের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করতে পারি, অথবা ১৪তম সাধারণ সম্মেলনে শের বাহাদুর দেউবার নেতৃত্বে নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিকে গ্রহণ করে সাধারণ সম্মেলনের দিকে এগোতে পারি।

তিনি বলেন, স্বাভাবিকভাবেই ১৫তম সাধারণ সম্মেলন দেউবার নেতৃত্বেই হওয়া উচিত। বিশেষ সাধারণ সম্মেলনকে কেন্দ্র করে দলের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটিকে তিনি একটি ‘দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেন।

মহাত আরও বলেন, আদালত যেহেতু আগের রায় পুনর্বিবেচনায় সম্মত হয়েছে, তাই অপর পক্ষ যদি দেউবার নেতৃত্বে সাধারণ সম্মেলন করতে রাজি থাকে, তাহলে চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। এর মধ্যেই দলের ঐক্য ফিরিয়ে আনা সম্ভব।

দেউবার নেতৃত্বে দলের বিভিন্ন বিরোধী গোষ্ঠীকে একত্র করা সহজ হবে বলেও দাবি করেন মহাত। তার ভাষায়, দেউবার নেতৃত্বে সবাই একসঙ্গে আসতে পারবেন এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়া বা কোণঠাসা করা হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত