গলের স্পিন ঘূর্ণিতে ভারতের অগ্নিপরীক্ষা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন এই চক্রে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার ধাক্কা এবং সীমিত লাল বলের ক্রিকেটের হতাশা পেছনে ফেলে গলের চেনা ঘূর্ণি পিচে নতুন মিশনে নামছে শুভমান গিলের দল।

বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে গল টেস্টের প্রথম দিনের খেলা। জুনে আফগানিস্তানের বিপক্ষে আড়াই দিনেই ম্যাচ শেষ হওয়ার পর চলতি বছরে এটি ভারতের কেবল দ্বিতীয় টেস্ট ম্যাচ। সাদা বলের ক্রিকেটে চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সাফল্যের ধারা এবার টেস্ট ফরম্যাটেও ধরে রাখার বড় পরীক্ষা গৌতম গম্ভীরের শিষ্যদের সামনে।

সিরিজের প্রথম ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার ঐতিহ্য ও স্পিন জুজুর মুখোমুখি হতে হচ্ছে সফরকারীদের। ১৯৯৮ সাল থেকে গলে খেলা ৪৯টি টেস্টের মধ্যে স্বাগতিকরা জিতেছে ২৭টিতেই, যেখানে স্পিনারদের ভেলকিতেই সাধারণত কুপোকাত হয় প্রতিপক্ষ। এই কঠিন কন্ডিশনে নামার আগে পর্যাপ্ত প্রস্তুতি না পাওয়ার আক্ষেপ লুকাননি ভারতীয় দলের অধিনায়ক গিল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক বলেন, ‘নেতৃত্বের ভূমিকায় আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছি, আমরা ভালোভাবেই এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য ডব্লিউটিসি ফাইনালে খেলা। এ জন্য আমাদের ৫-৬টি টেস্ট জিততে হবে। যদি সুযোগ পাই, তবে সিরিজের আগে এক বা দশ দিন প্রস্তুতি নেওয়াটা বেশ সহায়ক হয়। খেলোয়াড়দের জন্য মানিয়ে নেওয়াটা সহজ নয়, বেশিরভাগেরই সময় প্রয়োজন হয়।’ অবশ্য ২০১৭ সালে বিরাট কোহলির নেতৃত্বে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি কিছুটা হলেও অনুপ্রেরণা জোগাবে ভারতকে।