এশিয়া কাপ হকির চূড়ান্ত দল

আগামী সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-২০ পুরুষ জুনিয়র এশিয়া কাপ হকি। টুর্নামেন্টকে সামনে রেখে ২৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। দক্ষিণ আফ্রিকান প্রধান কোচ জাইলস বনেটের তত্ত্বাবধানে এই তরুণ দলটি এশিয়া কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই প্রতিযোগিতার ফলাফলের ওপর নির্ভর করবে অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি বিশ্বকাপের বাছাইপর্বের সমীকরণ।

বাংলাদেশ হকি দল গোলরক্ষক : মো. মাহমুদ হাসান, মো. রায়হানুল ইসলাম ও মো. মেহেদী হাসান জিন্নাত। ডিফেন্ডার : মো. মেহেদী, মো. মুন্না ইসলাম, সুমন্ত চাকমা, মো. সাব্বির রহমান, মো. অমিত হাসান, মো. শামীম আহমেদ, মো. তারেক ইসলাম ও মো. তৈয়ব আলী। মিডফিল্ডার : মো. তানভীর রহমান সিয়াম, মো. সোহরাব হোসেন সোটন, মো. আশরাফুল আলম, মো. শিমুল ইসলাম, মো. সাব্বির হোসেন কনক ও মো. বিশাল আহমেদ। ফরোয়ার্ড : মো. জনি ইসলাম, মো. ইসমাইল হোসেন, মো. আব্দুল্লাহ, মো. মাহাদী হাসান, মো. দ্বীন ইসলাম, মো. রিফাত ও মো. তাওসান হোসেন।

বাংলাদেশ আনসার ফাইনালে

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী বেসবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি দল। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হারের তিক্ততা ভুলে দ্বিতীয় ম্যাচেই ইন্দোনেশিয়ার গ্রিন ওরকা বেসবল দলকে ২৬-০ পয়েন্টে হারিয়েছিল তারা। শুক্রবার মালয়েশিয়ার সেলানগর সারদাংয়ে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার জাতীয় নারী দলকে ১০-৯ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে আনসার। বাংলাদেশের বেসবল ইতিহাসে আন্তর্জাতিক টুর্নামেন্টের নারী ইভেন্টে প্রথমবার আন্তর্জাতিক কোনো আসরের ফাইনালে উঠেছে লাল-সবুজের দলটি। আজ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার লড়াইয়ে জেতা দলের বিপক্ষেই রবিবার ফাইনাল খেলবে আনসার। মালয়েশিয়া থেকে এই তথ্য নিশ্চিত করেন দলের ম্যানেজার এবং আনসারের সিএ (স্পোর্টস) জাকির হোসেন।

চীনে স্কেটারদের চার রৌপ্য জয়

চীনের লিশুইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোলার স্কেটিং প্রতিযোগিতায় বাংলাদেশের খেলোয়াড়রা দারুণ সাফল্য পেয়েছেন। শক্তিশালী প্রতিযোগীদের অংশগ্রহণের মধ্যেও বাংলাদেশ মোট চারটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে। পাশাপাশি ১২ খেলোয়াড় চতুর্থ থেকে অষ্টম স্থান অর্জন করেছেন। এ পারফরম্যান্সের ফলে এশিয়া অঞ্চলের র‌্যাংকিংয়ে বাংলাদেশ অষ্টম স্থান অর্জন করেছে। সিনিয়র পুরুষ বিভাগে মাহমুদ হোসাইন ১০০০ মিটার রেসে রৌপ্য পদক অর্জন করেন। জুনিয়র-এ পুরুষ বিভাগে ইরাব মুক্তাদিরের পারফরম্যান্স ছিল আরও উজ্জ্বল। তিনি ৫০০০ মিটার রেসে রৌপ্য এবং ২০০ মিটার ডিটিটি-২ ও ৫০০ মিটার ডি ইভেন্টে দুটি ব্রোঞ্জ পদক জেতেন। এ ছাড়া জুনিয়র-বি নারী বিভাগে বাংলাদেশের সাওনা খন্দকার দুটি রৌপ্য পদক অর্জন করেন। তিনি ২০০ মিটার ডিটিটি এবং ৫০০ মিটার ডি ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেন। অন্যদিকে ইয়ুথ-এ পুরুষ বিভাগে জারিফ তাজওয়ার চৌধুরী ১০০০ মিটার রেসে ব্রোঞ্জ পদক জয় করেন।

৬৪ জেলায় বক্সিং কোচ

দেশের বক্সিংকে আরও এগিয়ে নিতে ৬৪ জেলা থেকে মনোনীত ৬৪ জন বক্সিং কোচকে নিয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ বক্সিং ফেডারেশন। ১৬ আগস্ট থেকে শুরু হবে এই কোর্স। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের (ক্রীড়া) পরিচালক মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ফায়জুর রহমান ভূঁইয়া। উপস্থিত থাকবেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খান।