‘প্রতিশোধ’ নিয়ে ফিরলেন জোভান-তিশা

ছোট পর্দার একসময়ের জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা দীর্ঘ বিরতির পর নতুন নাটক ‘প্রতিশোধ’ নিয়ে ফের একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন। ক্যারিয়ারের শুরুতে নিয়মিত জুটি হয়ে একাধিক জনপ্রিয় নাটক উপহার দিলেও মাঝে দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। মাহমুদ মহিন পরিচালিত এই নাটকের মধ্য দিয়ে তাদের অন-স্ক্রিন রসায়ন আবার নতুন করে প্রশংসিত হচ্ছে।

‘আই হেট লাভ স্টোরি’, ‘মাতাল হাওয়া’ ও ‘কাপল ক্যাম্পাস’-এর মতো সফল কাজের পর এবার একটি ব্যতিক্রমী গল্পে ফিরেছেন তারা। নাটকের গল্প গড়ে উঠেছে এক তরুণ বিদেশ ফেরত চাকরিপ্রার্থীর অভিজ্ঞতা এবং করপোরেট ক্যারিয়ারের জটিলতাকে কেন্দ্র করে। নিয়োগ প্রক্রিয়ায় অযৌক্তিক অভিজ্ঞতার দাবিকে ঘিরে এগিয়ে যায় এই সচেতনতামূলক প্রতিশোধের গল্প। যৌথভাবে এটি লিখেছেন শাহজাহান সৌরভ ও মাহমুদ মহিন।

সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশের পর থেকেই জোভান-তিশাকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। পর্দায় তাদের সাবলীল অভিনয় ও চমৎকার বোঝাপড়া দেখে অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। দীর্ঘদিন পর প্রিয় জুটিকে দেখতে পেয়ে দর্শকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়মিত কাজ করার দাবিও জানিয়েছেন। নাটকটিতে আরও অভিনয় করেছেন আরেফিন জিলানী, মানস বন্দ্যোপাধ্যায় ও বড়দা মিঠু।