বাংলা গানের শত বছরের ইতিহাস নিয়ে বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গীর গবেষণাধর্মী গ্রন্থ ‘গ্রামোফোন থেকে অডিও ক্যাসেট: শত বছরের বাংলা গান’-এর প্রকাশনা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর ঢাকার হোটেল রেনেসাঁয় বইটির মোড়ক উন্মোচন করেন লেখকসহ সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। তাদের মধ্যে ছিলেন হামিন আহমেদ, ফোয়াদ নাসের বাবু, নাসীম আলী খান, পিলু খান, তপন চৌধুরী ও লাবু রহমান।
আজব প্রকাশ থেকে প্রকাশিত বইটির প্রকাশক ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, বাংলা গানের ইতিহাস সংরক্ষণে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে এত বড় পরিসরে এ ধরনের কাজ প্রথম।
লেখক জানান, প্রায় ছয় বছরের গবেষণায় তৈরি বইটিতে ১৮৯১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বাংলা গানের ইতিহাস তুলে ধরা হয়েছে। এতে ২২৫ জন শিল্পী ও সুরকারের কাজের পাশাপাশি গীতিকবিদের পরিচিতিও স্থান পেয়েছে।