১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে ফিরলেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল (কিং ভার্সন)’-এ দেখা গেছে তাদের জমজমাট নাচের পরিবেশনা। শুক্রবার প্রকাশিত গানে দর্শক ভাসছেন শাহরুখ-কারিনার রসায়নের উন্মাদনায়।
এর আগে ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ ও কারিনাকে। দীর্ঘ বিরতির পর তাদের এই পুনর্মিলন ভক্তদের মনে ফিরিয়ে এনেছে পুরনো দিনের স্মৃতি। বিশেষ করে ‘ছাম্মাক ছাল্লো’ গানের জনপ্রিয় জুটিকে নতুন করে একসঙ্গে দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন অনেকে।
বনি এমের বিশ্বজুড়ে জনপ্রিয় ‘ড্যাডি কুল’ গান অবলম্বনে তৈরি হয়েছে নতুন সংস্করণটি। গানটির সংগীতায়োজন করেছেন শচীন-জিগর। কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। হিন্দি গানের কথা লিখেছেন কুমার এবং নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট।
মেটার ‘হাউজ অব ইনস্টাগ্রাম ২০২৬’ আয়োজনে গানটির উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাত শতাধিক কনটেন্ট নির্মাতা। গানটি প্রকাশিত হয়েছে জি মিউজিক কোম্পানি ও টি-সিরিজের ইউটিউব চ্যানেলে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় আরও অভিনয় করেছেন সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি ও জ্যাকি শ্রফসহ অনেকে। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।