বড়াইগ্রাম উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু 

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের পুকুরে ডুবে তাহসিন আহমেদ (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা সোয়া ছয়টায় ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে তার লাশটি উদ্ধার করেন। নিহত তাহসিন উপজেলার বনপাড়া মৃধাপাড়া মহল্লার মজিবুর রহমানের ছেলে। সে বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

বনপাড়া ফায়ার সার্ভিসের সেকেন্ড অফিসার রফিকুল আলম জানান, সকাল ১১ টার দিকে তাহসিন গোসল করার জন্য উপজেলা পরিষদের পুকুরে আসে। কিন্তু এরপরে আর বাড়ি ফিরে যায়নি। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। এক পর্যায়ে উপজেলা পরিষদের সিসিটিভির ফুটেজ যাচাই করে তাকে পুকুরে গোসল করতে নামতে দেখা যায়। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা সোয়া ছয়টায় পুকুরে নেমে পানি নীচ থেকে তার লাশটি উদ্ধার করে। এ সময় তার নাক দিয়ে রক্ত ঝরছিল বলে জানা গেছে। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আমরা সিসিটিভির ফুটেজ দেখেছি, তাতে অস্বাভাবিক কোন কিছু পাইনি। হয়তো গোসল করার সময় বা ডুবে যাওয়ার সময় পুকুরের সিঁড়িতে আকস্মিক আঘাত থেকে রক্ত বের হতে পারে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।