মেহেরপুরে ৩ স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০২:১৭ পিএম

মেহেরপুর পৌর শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়। শনিবার (১৫ আগস্ট) ভোরে প্রথমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় একটি এরপর শহরের কোর্ট মোড় এলাকা থেকে একই ধরনের আরেকটি এবং সোনালী ব্যাংকের সামনেও বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় আরও একটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে। তবে এগুলো আসলে কী ধরনের বস্তু এবং এর সঙ্গে বিস্ফোরক কোনো উপাদান রয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

এঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তবে শহরের প্রাণকেন্দ্রে পুলিশ ও বাজার সমিতির রাত্রিকালীন টহল টিমের চোখ ফাঁকি দিয়ে কিভাবে পরপর তিনটি স্থানে বোমাসদৃশ বস্তু ঝুঁলিয়ে রাখা ঘটনায় শহরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতমহল।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত