কামাল্লা সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ২ নারী আটক

ফেনীর ফুলগাজীর ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক নারীরা হলেন বরিশালের মেহেন্দিগঞ্জের নয়াখালী (দাশ বাড়ি) এলাকার মৃত সুধীর দাশের স্ত্রী সোনা লক্ষ্মী (৭০) ও বাগেরহাটের চিতলমারীর দোলগনি গ্রামের বিষু দাশের স্ত্রী শান্তনা (৪০)।

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে কামাল্লা সীমান্ত এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় দুই নারীকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। প্রাথমিকভাবে তারা সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে। তবে কী উদ্দেশ্যে তারা ভারতে যাচ্ছিলেন কিংবা এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিজিবির হাতে দুই নারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে প্রতিবেদককে তিনি বলেন, আপনি শুধু নাম নিন, অন্য তথ্য নেওয়ার দরকার নেই। পরে তিনি ডিউটি অফিসারকে আটক নারীদের শুধু নাম দেওয়ার জন্য নির্দেশ দিয়ে সেখান থেকে চলে যান।