সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন। এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট খোলার পাশাপাশি অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
তবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ৫৫ প্লাটুন বিজিবি এবং ১৫ প্লাটুন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
রবিবার (২২ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহর ঘুরে দেখা গেছে, শহর থেকে বিভিন্ন উপজেলার সড়কে যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে বিজিবি, আনসার ও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় রয়েছে। সকাল থেকেই তারা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। একই সঙ্গে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে ক্লাস চলছে। তবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ নভেম্বর রাতে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। পরবর্তী সময়ে জেলার সামগ্রিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান কার্যক্রম চালু থাকবে। পাশাপাশি সব বিভাগের দাপ্তরিক কার্যক্রম চলবে। ছেলেদের ও মেয়েদের আবাসিক হলের জন্য একটি করে ডাইনিং চালু থাকবে।
নিরাপত্তার বিষয়ে কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গোপালগঞ্জে নতুন করে ২৬ প্লাটুনসহ মোট ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার মধ্যে তার গোপালগঞ্জ পৌঁছায়।
আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা মিসকল’ কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার গোপালগঞ্জের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তবে এসব কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।