১৫ আগস্ট ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ি ও আশপাশের এলাকায় ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (১৫ আগস্ট) সকাল থেকেই পুরো এলাকায় কঠোর নিরাপত্তার এ চিত্র দেখা যায়।
এদিন সকালে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এক ব্যক্তি আটক হয়েছেন।
ভোর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে ওই বাড়ির সামনের সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড বসানো হয়। বাড়ির সামনের প্রধান সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এমনকি সাধারণ মানুষকে হেঁটেও ওই সড়ক দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না।
সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা এলাকাটিতে জড়ো হন। আশপাশে উৎসুক জনতার উপস্থিতিও দেখা গেছে। এলাকায় পুলিশের সাঁজোয়া যানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে তারা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন।