ছায়ানটের নতুন অধ্যক্ষ

সনজিদা খাতুনের জায়গায় সেলিনা মালেক চৌধুরী

সংগীতবিদ্যায়তন ছায়ানটের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিনা মালেক চৌধুরী। সভাপতি সনজিদা খাতুনের প্রয়াণের পর তিনি বিদ্যায়তনের তৃতীয় অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নিলেন। এক বিজ্ঞপ্তিতে ছায়ানটের পক্ষ থেকে জানানা হয়েছে, শুক্রবার (১৪ আগস্ট) বিশেষ শিক্ষকসভায় তাকে এই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। 

১৯৬৩ সালে ছায়ানটের প্রতিষ্ঠালগ্নে ওস্তাদ মতিউর রহমান খান (মতি মিয়া) বিদ্যায়তনের অধ্যক্ষ এবং শাস্ত্রীয় সংগীতের শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৬৭ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি আমৃত্যু দায়িত্ব পালন করে গেছেন। মতি মিয়ার পর দ্বিতীয় অধ্যক্ষ হিসাবে হাল ধরেন ছায়ানটের প্রতিষ্ঠাকালীন সদস্য সনজিদা খাতুন। এবার তার জায়গায় দায়িত্বে এলেন সেলিনা মালেক চৌধুরী। 

সেলিনা মালেক চৌধুরী বিদ্যায়তনের প্রথম আবর্তে ১৯৬৮ সালে রবীন্দ্রসংগীত বিভাগ থেকে প্রথম মানে প্রথম স্থান অর্জন করে মতি মিয়া স্বর্ণপদকে ভূষিত হন। পরে তিনি বিদ্যায়তনের শিক্ষক হিসাবে যুক্ত হন। রবীন্দ্রসংগীত শিল্পী সেলিনা মালেক এক পর্বে ছায়ানটের কোষাধ্যক্ষও ছিলেন। এখন পর্যন্ত তিনি ছায়ানটের সংগঠক হিসাবে যুক্ত আছেন। 

প্রসঙ্গত, গত ৩১ জুলাই ছায়ানটের নতুন কার্যকরী সংসদ গঠিত হয়েছে। তাতে সারওয়ার আলী সভাপতি এবং লাইসা আহমদ লিসা সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হন।