নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলা ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, লালপুর উপজেলা শাখা।
বহিষ্কৃতরা হলেন—মো. জাহিদ হোসেন (৩২), মো. শফিকুল ইসলাম শফিক (৩৫) ও মো. মামুন আলী (২৫)।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে সাংবাদিক সজীবুল হৃদয়, এনটিভি অনলাইনের লালপুর-বাগাতিপাড়া প্রতিনিধি এবং মো. রাশেদুল ইসলাম, দৈনিক মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি লাঞ্ছিত হওয়ার ঘটনায় তিন কর্মীর সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো মেনে নেবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে এনটিভি অনলাইনের লালপুর-বাগাতিপাড়া প্রতিনিধি সজীবুল হৃদয় বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো পক্ষের প্রতিপক্ষ নন। ঘটনার পর ছাত্রদল যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, সেটিকে আমরা ইতিবাচকভাবে দেখছি। ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক দায়িত্ব পালনকালে রাজনৈতিক বা অন্য কোনো পক্ষের দ্বারা হয়রানি কিংবা লাঞ্ছনার শিকার না হন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দৈনিক মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম বলেন, ওই দিন আমরা সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করছিলাম। এ সময় আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে অত্যন্ত দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় আমরা ছাত্রদলের উপজেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হলেই সেটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা পেশাগত দায়িত্ব পালন করবেন, এটি তাদের অধিকার। সাংবাদিক লাঞ্ছনার মতো কোনো কর্মকাণ্ড ছাত্রদলের সাংগঠনিক নীতি ও আদর্শের সঙ্গে যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাংগঠনিকভাবে তাদের বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেউ কোনো কর্মকাণ্ড করলে ভবিষ্যতেও তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান বলেন, ছাত্রদল গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকারে বিশ্বাস করে। সাংবাদিকদের সঙ্গে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ দল সমর্থন করে না। তাই ঘটনার অভিযোগ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে তিন কর্মীর বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতাকর্মীদেরও এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে লালপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডার একপর্যায়ে এনটিভি অনলাইনের প্রতিনিধি সজীবুল হৃদয় ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি রাশেদুল ইসলাম লাঞ্ছিত হওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর চার দিন পর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হল।