যান্ত্রিক ত্রুটির কারণে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৪৩ মিনিটে ইউনিটটির উৎপাদন পুনরায় শুরু হয়। এ ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১ নম্বর ইউনিট থেকে বর্তমানে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
এর আগে শুক্রবার সকালে ১ নম্বর ইউনিটের একটি পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি শনাক্ত করে মেরামত করা হয়। মেরামত শেষে শনিবার সকালে ইউনিটটি পুনরায় চালু করা হয়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে ৩ নম্বর ইউনিট থেকে প্রায় ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে ১ ও ৩ নম্বর ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ অব্যাহত রয়েছে।
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট