ঐতিহাসিক জয়ে শান্তদের ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। আজ ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টেস্টে অজিদের ৯ উইকেটে হারিয়ে দেশের ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। 

ঐতিহাসিক এই জয়ের পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালও যুক্ত ছিলেন।

সেখানে অধিনায়ক শান্তকে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের স্বাগত জানানোর জন্য। সবার শরীর ভালো আছে তো? গরম কেমন সেখানে? বাংলাদেশের মতো? আপনারা সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদের স্বাগত জানানোর জন্য।’

এরপর ম্যাচসেরা হাসান মাহমুদ, অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের সঙ্গেও কথা বলেন তারেক জিয়া। এক পর্যায়ে তামিম বলেন, ‘বগুড়ার ছেলে তামিম (তানজিদ হাসান) সেঞ্চুরি করেছে।’ উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘সে বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে।’

ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ের নায়ক অনেকেই। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর বাংলাদেশ ৪২৬ রানের বড় সংগ্রহ পায়। এতে ২২৮ রানের লিড নেন শান্তরা। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে থামিয়ে জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পায় সফরকারীরা। এই ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই তামিমকে হারালেও এরপর আর কোনো বিপদ হতে দেননি সাদমান ইসলাম ও মুমিনুল হক। শেষ পর্যন্ত ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। 

এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। অধিনায়ক শান্তর মতে, এটি বাংলাদেশের এখন পর্যন্ত যেকোনো সংস্করণে সবচেয়ে বড় জয়। 

হাসান ম্যাচে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেটও বাংলাদেশের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।