হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণা ট্রাম্পের, কড়া হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালিকে শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির তীব্র জবাব দিয়েছে ইরান। শনিবার (১৫ আগস্ট) তেহরান বলেছে, গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহনপথ, যা ইরান কার্যত অবরুদ্ধ করে রেখেছে, ‘ইরানেরই থাকবে’। বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে। 

ট্রাম্প বারবার দাবি করে আসছেন, হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর তেহরান কার্যত প্রণালিটি বন্ধ করে দেওয়ার পরও সেখানে সীমিত পরিসরে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানেরই আছে এবং ইরানেরই থাকবে।’

তিনি আরও বলেন, ‘ইরানের নির্দেশেই এই প্রণালি বন্ধ ও খুলবে।’

শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যে এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে পরাজিত করার পর ‘খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন’ তিনি।

‘এটাই সত্যি,’ যোগ করেন ট্রাম্প।

তবে পরে হোয়াইট হাউসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ট্রাম্প ওই মন্তব্যটি রসিকতা করে করেছেন বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।

এর আগে গত সপ্তাহে ইরানের এক শীর্ষ কর্মকর্তা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য কয়েকটি শর্তের কথা জানান। এর মধ্যে ছিল ‘ইরান এবং লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকে তাদের মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ ও আগ্রাসন’ বন্ধ করা।

এ ছাড়া কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা সম্পদ অবমুক্ত করা এবং যুদ্ধে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান মোহাম্মাদ বাঘের জোলঘাদর।