নাটোরের বাগাতিপাড়ায় দোকানের সামনে ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ বিষধর সাপের কামড়ে পান্না বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার টেটন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত পান্না বেগম (৪৩) ওই গ্রামের জিন্নাত আলীর মেয়ে ও মো.আব্দুর রহমানের স্ত্রী।
পরিবার ও বাগাতিপাড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সদস্য আলী জানান, প্রতিদিনের মতো রবিবার ভোর আনুমানিক ৫টার দিকে পান্না বেগম বাড়ির পাশের চায়ের দোকান খোলার জন্য যান। দোকানের সামনে ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ কোনো একটি প্রাণী তার ডান হাতের একটি আঙুলে কামড় দেয়। সাপে কামড় দিয়েছে সন্দেহ করে পরিবার ও স্থানীয়দের জানান পান্না। এ সময় দোকান ঘরের আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সাপ পাওয়া যায়নি। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ৭টার দিকে তার স্বামী আব্দুর রহমান তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে চিকিৎসক পান্না বেগমকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান পরিবারের লোকজন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জনান, সাপের কামড়েই পান্না বেগমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্তের ছাড়াই মরদেহ দাফনের অনুমুতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।