বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব বাড়ানো, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং আন্তঃসার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ফেডারেশনের আর্থিক সংকট ও নিজস্ব ট্র্যাক না থাকার বিষয়টিও উঠে এসেছে রবিবারের সভায়।
সভা শেষে সাধারন সম্পাদক পারভেজ হাসান বলেন, ‘আন্তর্জাতিক সাইক্লিং ইউনিয়ন (ইউসিআই) ও এশিয়ান সাইক্লিং কনফেডারেশনের বিভিন্ন কার্যক্রমে নির্বাচিত কমিটির সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। লেভেল-১ প্রশিক্ষণ সম্পন্ন করা দুজনকে দিল্লিতে লেভেল-২ প্রশিক্ষণে পাঠানোর সিদ্ধান্তও হয়েছে আমাদের সভায়।’ আগামী ১০ বা ১১ সেপ্টেম্বরের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসারকে নিয়ে আন্তঃসার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে প্রতিযোগিতার সময় এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হতে পারে।
সভায় ফেডারেশনের নির্বাচন নিয়েও আলোচনা হয়।পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ফেডারেশনের সহসভাপতি মহিউল ইসলাম বলেন, ‘জেলা ও বিভাগীয় পর্যায়ের নির্বাচন সম্পন্ন হওয়ার পর কাউন্সিলরদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ের নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।’
তবে ফেডারেশনের সবচেয়ে বড় সংকট হিসেবে উঠে এসেছে অর্থাভাব। কর্মকর্তারা জানান, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অফিস পরিচালনার জন্য বছরে ৭ লাখ, প্রশিক্ষণের জন্য ৪ লাখ এবং প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রায় ১৫ লাখ টাকা পাওয়া যায়। অথচ একটি জাতীয় প্রতিযোগিতা আয়োজনেই প্রায় ৩০ লাখ টাকা প্রয়োজন। বর্তমানে ফেডারেশনের নিজস্ব তহবিল, এফডিআর বা ব্যাংক ব্যালান্স নেই বলেও জানানো হয়।
নিজস্ব সাইক্লিং ট্র্যাক না থাকায় হাতিরঝিল, ৩০০ ফিট, জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়ামের মতো বিভিন্ন স্থানে অনুশীলন ও প্রতিযোগিতা আয়োজন করতে হয়। এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়ার কথা জানিয়েছে কমিটি। এদিকে আসন্ন এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে আলিফ ও সবুজ ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়ালে অংশ নেবেন।