বাংলাদেশের নারী ক্লাব ফুটবলের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এশিয়ার সর্বোচ্চ ক্লাব ফুটবল আসর এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস এফসি।
মালয়েশিয়ার কোটা কিনাবালুর লিকাস স্টেডিয়ামে সোমবার প্রিলিমিনারি স্টেজের প্রথম ম্যাচে ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গল এফসির মুখোমুখি হবে বাংলাদেশের ক্লাবটি। ঐতিহাসিক ম্যাচ সামনে রেখে রোববার একই ভেন্যুতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে রাজশাহী স্টারস।
মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত অনুশীলনে ম্যাচের কৌশল, পাসিং, পজিশনিং ও দলীয় সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। কোটা কিনাবালুর গরম ও আর্দ্র আবহাওয়া চ্যালেঞ্জ তৈরি করলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি বাংলাদেশের দলটি।
ম্যাচের আগে আত্মবিশ্বাসী রাজশাহী স্টারসের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। দলের অধিনায়ক শিউলি আজিমও প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা মাঠে দেওয়ার প্রত্যয় জানিয়েছেন। অন্যদিকে অভিষেক ম্যাচের জন্য প্রস্তুত ইস্ট বেঙ্গলও। ভারতীয় ক্লাবটি শেষ অনুশীলন করেছে ক্লোজড ডোরে। দলে থাকা চার নাইজেরিয়ান ফুটবলারকে নিজেদের অন্যতম শক্তি হিসেবে দেখছে তারা। তবে রাজশাহী স্টারসকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না ইস্ট বেঙ্গল।
দলের অধিনায়ক সিল্কী দেবী জানিয়েছেন, রাজশাহী স্টারসে জাতীয় দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। তাই প্রতিপক্ষকে দুর্বল ভাবার সুযোগ নেই। নিজেদের সেরাটা দিয়ে জয় পাওয়াই তাদের লক্ষ্য।
প্রায় ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার লিকাস স্টেডিয়াম এখন অপেক্ষায় দুই দলের লড়াইয়ের। একদিকে বিদেশি ফুটবলার ও অভিজ্ঞতার শক্তিতে ইস্ট বেঙ্গল, অন্যদিকে জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে এশিয়ার মঞ্চে ইতিহাস গড়ার স্বপ্ন রাজশাহী স্টারসের।
বাংলাদেশের নারী ক্লাব ফুটবলের জন্য ম্যাচটি শুধু একটি অভিষেক নয়, বরং নতুন এক অধ্যায়ের সূচনা। এশিয়ার সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় স্মরণীয় অভিষেকের লক্ষ্যেই মাঠে নামবে রাজশাহী স্টারস।