চট্টগ্রাম বন্দর চ্যানেলে বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

চট্টগ্রাম বন্দরের প্রধান শিপিং চ্যানেল ও বহির্নোঙর এলাকায় নৌযান চলাচল নিরাপদ রাখতে বিশেষ অভিযান চালিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রবিবার (১৬ আগস্ট) পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দসহ অপসারণ করা হয়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, অভিযানের সময় ২২টি টং জাল এবং প্রায় ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে মূল শিপিং চ্যানেল ও বহির্নোঙর এলাকায় নৌচলাচলের পথ সচল রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়।

অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব জলযান ‘বিএলভি লুসাই’, ‘কা-ারী-৮’ ও চারটি দেশীয় বোট অংশ নেয়। এ ছাড়া বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ ও একটি বোট অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।

বন্দর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া জালগুলো জাহাজের স্বাভাবিক ও নিরাপদ নেভিগেশনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছিল। অভিযানকালে নেভিগেশনাল রুটে থাকা ফিশিং বোটগুলোকে অবিলম্বে চ্যানেল এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চ্যানেল বা নৌচলাচলের মূল পথে ভবিষ্যতে আর কখনো জাল না ফেলার জন্য সংশ্লিষ্ট মাঝিমাল্লাদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের মূল নেভিগেশনাল রুট সার্বক্ষণিক ঝুঁকিমুক্ত রাখা এবং যেকোনো ধরনের প্রতিবন্ধকতা অপসারণে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।