হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৯:২২ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। 

রবিবার (১৬ অগাস্ট) বেলা ১০ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার আলী সরকার বাড়ি থেকে মরদেহ উদ্ধারটি উদ্ধার করা হয়।

গৃহবধূ সুমাইয়া আক্তার উপজেলার উত্তর মার্দাশা ইউনিয়নের তেহমনি এলাকার ইউসুফের কন্যা।

সূত্রে জানা যায়, মাত্র তিন বছর পূর্বে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার আলী সরকার বাড়ির প্রবাসী মোহাম্মদ ফিরোজের স্ত্রী সুমাইয়া আক্তারের ঘরের দরজা এ দিন সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকায় পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করেন।

কিন্তু  দীর্ঘক্ষণ ঘরের ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ঘরের সিলিং ফ্যানের সাথে সুমাইয়া আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে ঘটনা জানালে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক আল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই ধারনা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুর রহমান গতকাল রাতে  মরদেহ উদ্ধারের ঘটনার সত্যতা দেশ রুপান্তরকে নিশ্চিত করেছেন। 



×
সর্বশেষ সর্বাধিক পঠিত