বিলোনিয়ায় সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ বৈঠক

ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ পারাপার ও চোরাচালান প্রতিরোধ, বিশেষ করে মাদক পাচার বন্ধ, সীমান্তের ১৫০ গজের মধ্যে স্থাপনা নির্মাণ না করা এবং সীমান্তসংক্রান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

গতকাল রবিবার দুপুরে মজুমদারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৬০/১ থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলোনিয়া আইসিপি এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান এবং ভারতের ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এসএইচ রবীন্দ্র মাদানি নিজ নিজ দলের নেতৃত্ব দেন। বিজিবির অধিনায়কের সঙ্গে পাঁচজন কর্মকর্তা ও ১৫ জন অন্যান্য পদমর্যাদার সদস্য এবং বিএসএফ কমান্ড্যান্টের সঙ্গে নয়জন সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের সীমান্তে হত্যা বা প্রাণহানি কোনোভাবেই কাম্য নয় বলে উভয় পক্ষ মত প্রকাশ করে। সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ সময় সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপার এবং বিভিন্ন ধরনের চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে উভয় বাহিনীকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়।

সীমান্তে কোনো সমস্যা দেখা দিলে প্রথমে কোম্পানি কমান্ডার পর্যায়ে আলোচনার মাধ্যমে এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে সমস্যার সমাধান সম্ভব না হলে অধিনায়ক পর্যায়ে আলোচনা করে তা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।

আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ সীমান্ত ব্যবস্থাপনায় প্রচলিত নিয়ম ও পারস্পরিক সমঝোতা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া সীমান্তবর্তী জমি নিয়ে বিরোধের জেরে দুই দেশের নাগরিকদের মধ্যে সংঘাত বা মারামারিতে না জড়ানোর বিষয়েও আলোচনা হয়।