কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজা বলেছেন, যে দেশে একজন এমপির নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের কী অবস্থা? তিনি কুষ্টিয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
গতকাল দুপুরে মোল্লা তেঘড়িয়ায় জেলা জামায়াত কার্যালয়ে মুফতি আমির হামজার ওপর হামলার প্রতিবাদে জামায়াতের কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত সংবাদ সম্মেলন তিনি বলেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণঅধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ আমার ওপর অতর্কিত হামলা চালিয়েছে।
লিখিত বক্তব্যে তিনি দোষীদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা (আলটিমেটাম) বেঁধে দিয়ে বলেন, প্রশাসন দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর জবাব দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন এবং জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে এ হামলার ঘটনায় শনিবার রাতে কুষ্টিয়া মডেল থানায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন মুফতি আমির হামজা। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়ার ছয়রাস্তার মোড়ে গণঅধিকার পরিষদ ও জামায়াতে ইসলামীর এমপি আমির হামজার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুর চালায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। অপরদিকে সন্ধ্যার পর গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় আমির হামজার সমর্থকরা।