দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৮০ জনের। সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ১০১ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৯০৮ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। বাকি ৮০৯ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে। আর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৬০ হাজার ৬৭৭ শিশু। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জন। হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮৮০ জনের। হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৪ হাজার ৪৫৭ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ শিশুর মধ্যে ঢাকা বিভাগের ৩ জন আর সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের একজন করে।