বিজ্ঞানমন্ত্রী বললেন

রূপপুরে তাড়াহুড়া নয় নিরাপত্তা নিশ্চিত করেই চালু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি কার্যক্রম সম্পন্ন করে এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করেই চালু করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া হবে না।

গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘের (বায়েসা) আয়োজিত ‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কার্যক্রমের প্রাতিষ্ঠানিক ও প্রায়োগিক সক্ষমতা সমৃদ্ধিকরণে করণীয় নির্ধারণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রূপপুর প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং হয়ে গেছে। সেখানে প্রকৌশলীরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ছোটখাটো বিষয়গুলো এখন নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে।

পরমাণু প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, এই প্রযুক্তি শুধু বিদ্যুৎ উৎপাদনে সীমাবদ্ধ নয়। খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্যসেবা, ক্যানসার চিকিৎসা, শিল্প এবং মানবসম্পদ উন্নয়নেও এর ব্যাপক সম্ভাবনা রয়েছে। তরুণ বিজ্ঞানী ও গবেষকদের উদ্ভাবনী চিন্তা এবং গবেষণাকে উৎসাহিত করে স্টার্ট-আপ ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতা করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, চিকিৎসাক্ষেত্রে নিউক্লিয়ার মেডিসিনের ব্যবহার আরও সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের সেবা চালু থাকলেও সাধারণ মানুষের কাছে এর সুফল আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে হবে। মতবিনিময় সভায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান, কমিশনের সাবেক চেয়ারম্যান ড. সারোয়ার হোসেন, সদস্য মো. হাসিনুর রহমানসহ সংশ্লিষ্ট বিজ্ঞানী ও কর্মকর্তারা বক্তব্য দেন।