স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে কাঁচামরিচ আমদানি অব্যাহত থাকায় ও দেশীয় কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দুই দিনের ব্যবধানে হাকিমপুরের হিলিতে দেশীয় কাঁচা মরিচের দাম আরেক দফা কমে ৬০ টাকায় নেমেছে। কাঁচা মরিচের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন। সরবরাহ এমন থাকলে দাম বাড়বে না বলে জানিয়েছেন বিক্রেতারা। হিলি বাজার সুত্রে জানা গেছে, দুই দিন আগেও প্রতি কেজি দেশীয় কাঁচা মরিচ ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হয়েছিল। বর্তমানে কমে মাত্র ৬০ টাকা কেজি দরে তা বিক্রি হচ্ছে, এর আগের সপ্তাহে যা ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। ইতোপূর্বে দাম বাড়তে বাড়তে ২৮০ টাকা কেজি দরে উঠে গিয়েছিল দেশীয় কাঁচা মরিচের দাম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করছি।