এক গাছ থেকে তরুণ তরুণীর লাশ উদ্ধার

মৌলভীবাজারের রাজনগরে মাথিউড়া চা-বাগান থেকে মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২) নামে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেকশনের আকাশী টিলা এলাকার একটি নিমগাছ থেকে একই রশিতে ফাঁস লাগানো অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মঙ্গল বাউরী ও বিনতা বাউরী উভয়েই উদনা চা-বাগানের বাসিন্দা এবং বিনতা বাউরী নিমাই বাউরীর সাবেক স্ত্রী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার মাথিউড়া চা-বাগানের পাহারাদার স্বপন রাজভর নিমগাছের সঙ্গে দুজনকে লাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে রাজনগর থানা পুলিশকে খবর দেন।

স্থানীয় ইউপি সদস্য রামভজন গোয়ালা বলেন, প্রায় এক মাস আগে মঙ্গল বাউরী ও বিনতা বাউরী কোর্ট ম্যারেজ করেন। বিয়ের পর থেকেই এ নিয়ে মঙ্গল বাউরীর প্রথম স্ত্রীর সঙ্গে পরিবারের মধ্যে প্রতিনিয়ত ঝগড়াঝাটি লেগেই থাকত। গত শনিবার রাতেও স্ত্রীর সঙ্গে তীব্র বাকবিত-া হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই তারা দুজন একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নেন।