অভিনয়ের পাশাপাশি এবার নির্মাতা হিসেবে হাজির হচ্ছেন বলিউড অভিনেতা রণবীর সিং। শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘প্রলয়’-এর শুটিং। মুম্বাইয়ে শুরু হওয়া এই সিনেমায় রণবীরের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন দক্ষিণী তারকা কল্যাণী প্রিয়দর্শন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে ইতিমধ্যে ‘প্রলয়’-এর শুটিং শুরু হয়েছে। সিনেমাটি নির্মিত হচ্ছে পৃথিবী ধ্বংসের প্রেক্ষাপটের অ্যাকশন থ্রিলার হিসেবে।
‘প্রলয়’ পরিচালনা করছেন জয় মেহতা। ‘লুটেরে’ এবং ‘স্ক্যাম ১৯৯২ : দ্য হর্ষদ মেহতা স্টোরি’র মতো আলোচিত কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ‘স্ক্যাম ১৯৯২’ তিনি হানসাল মেহতার সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছিলেন। ফলে পরিচালক হিসেবে জয় মেহতার সম্পৃক্ততাও সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।
জানা গেছে, মুম্বাইকে ঘিরেই এগোবে সিনেমার গল্প। ভয়াবহ এক সংকটের মধ্যে টিকে থাকার লড়াই এবং পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পরিস্থিতি থাকবে সিনেমার মূল গল্পে। ‘প্রলয়’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি অন্যতম প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন রণবীর সিং। বিরলা স্টুডিওস, ট্রু স্টোরি ফিল্মস ও মা কসম ফিল্মসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছেন তিনি। বড় পরিসরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির উপযোগী অ্যাকশন থ্রিলার হিসেবে নির্মাণের পরিকল্পনা রয়েছে।
সিনেমাটির অন্যতম আকর্ষণ কল্যাণী প্রিয়দর্শন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের পরিচিত এই অভিনেত্রী অল্প সময়েই নিজের অভিনয় দিয়ে আলাদা জায়গা তৈরি করেছেন। প্রখ্যাত পরিচালক ও অভিনেতা প্রিয়দর্শন এবং অভিনেত্রী লিসি লক্ষ্মীর মেয়ে কল্যাণী।
চলচ্চিত্রের পরিবেশে বেড়ে উঠলেও অভিনয়ে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন তিনি। ২০১৭ সালে তেলেগু সিনেমা ‘হ্যালো’র মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় কল্যাণীর। প্রথম সিনেমাতেই নজর কাড়েন তিনি। এরপর ‘চিত্রলহরি’, ‘রণারঙ্গম’, ‘মানাডু’, ‘ব্রো ড্যাডি’, ‘শেশামাইকুলু’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। বিশেষ করে ‘মানাডু’তে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। মালয়ালম, তামিল ও তেলেগু সিনেমায় কাজ করে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি।