দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লী অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ (দশ হাজার) কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে গতকাল রবিবার (১৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এ উপলক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠান একটি অংশগ্রহণমূলক চুক্তিতে স্বাক্ষর করে।
এসময় বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক এ.কে.এম সাইদুজ্জামান এবং অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের প্রতিনিধিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন এবং কৃষি ঋণ বিভাগের প্রধান ও এফএভিপি মো. সাজ্জাদুর রহমান। এছাড়াও চুক্তি স্বাক্ষরের সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে দেশের কৃষি খাত শক্তিশালী হবে এবং গ্রামীণ অর্থনীতি উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ ব্যাংক। মার্কেন্টাইল ব্যাংক প্রান্তিক অর্থনীতিতে গতি সঞ্চার করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নতুন এই চুক্তি ব্যাংকটির দীর্ঘমেয়াদী সেই প্রয়াসেরই অংশ। এই ধারা অব্যাহত রাখতে এবং পল্লী অঞ্চলে অর্থনীতি শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংকের সকল উদ্যোগে একাত্ব হয়ে কাজ করবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।