বলিউড অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন কয়েক মাস ধরেই আলোচনায়। গোবিন্দকে নিয়ে একাধিক মন্তব্য করেছেন সুনীতা। এর মধ্যে উঠতি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে গোবিন্দের সম্পর্কের জল্পনার মাঝেই তাকে ‘সুগার ড্যাডি’ বলেও তোপ দাগেন সুনীতা। একই সঙ্গে কোমলের বয়স তাঁদের মেয়ে টিনার কাছাকাছি বলেও মন্তব্য করেছিলেন তিনি।
এবার অভিনেতার পাশে দাঁড়ালেন বলিউড তারকা সালমান খানের সাবেক প্রেমিকা অভিনেত্রী সোমী আলি। এই বিতর্কের মাঝেই গোবিন্দের সঙ্গে নিজের পুরনো বেশ কয়েকটি ছবি নিয়ে একটি কোলাজ সমাজমাধ্যমে ভাগ করে নেন সোমী। গোবিন্দের সঙ্গে তার ব্যক্তিগত এবং পেশাগত পরিচয়ের কথা তুলে ধরে অভিনেতার প্রতিভা ও বিনয়ী স্বভাবের প্রশংসা করেন তিনি। সোমী লেখেন, ‘আমি এখানে কথা বলছি, কারণ অন্য কেউ হয়তো বলবে না। যখন প্রয়োজন হয়, তখন সমর্থন জানানো উচিত। গোবিন্দকে আমি ব্যক্তিগত এবং পেশাগত— দু’ভাবেই চিনি। তাই দু’দিক থেকেই তার সম্পর্কে কিছু বলতে পারি। ও হিন্দি সিনেদুনিয়ার অন্যতম সেরা প্রতিভা। এই ইন্ডাস্ট্রিতে থাকার সময়ে যাঁদের সঙ্গে পরিচয় হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম বিনয়ী অভিনেতা গোবিন্দ।’
একই সঙ্গে গোবিন্দ এবং সুনীতা— দু’জনের প্রতিই তার গভীর শ্রদ্ধা রয়েছে বলেও জানান সোমী। তবে তার মতে, কোনও অভিনেতা বয়সে বড় হয়ে যাওয়ার পরে এক জন কমবয়সি অভিনেত্রীর সঙ্গে কাজ করলেই তা নিয়ে কটাক্ষ করা উচিত নয়। সোমীর বক্তব্য, ‘কোনো অভিনেতা একজন কমবয়সি অভিনেত্রীর সঙ্গে কোনও চরিত্রে কাজ করছেন— এর মধ্যে বয়স নিয়ে বৈষম্যের কিছু নেই। বয়স যেন কোনও তর্কের হাতিয়ার না হয়।’