পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ সদস্য গ্রেপ্তার

পিরোজপুর সদর উপজেলায় ১০ পিস ইয়াবাসহ মো. নাদিম শেখ (৩১) নামে এক গ্রাম পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কদমতলা বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাদিম শেখ সদর উপজেলার পশ্চিম চর কদমতলা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. হায়দার শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত টহলের অংশ হিসেবে সোমবার রাত আনুমানিক ৩টার দিকে সদর থানা পুলিশের একটি দল কদমতলা বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাদিম শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার নাদিম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।  আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সদর উপজেলার কদমতলা ইউনিয়নের এক গ্রাম পুলিশ সদস্যকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।