উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী ও বাংলাদেশের গর্ব শবনমের জন্মদিন ঘিরে বসেছিল এক বিশেষ মিলনমেলা। জন্মদিনের আগের সন্ধ্যায় সাংবাদিক অভি মঈনুদ্দীনের বিশেষ পরিকল্পনায় প্রবীণ এই অভিনেত্রীকে সারপ্রাইজ দিতে বারিধারার বাসভবনে হাজির হন নন্দিত অভিনেত্রী শাবনাজ ও নির্মাতা-অভিনেত্রী আফসানা মিমি। হঠাৎ প্রিয় মানুষদের কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন জীবন্ত কিংবদন্তি শবনম।
১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত আজিজুর রহমানের ‘দিল’ চলচ্চিত্রে প্রথমবার একসঙ্গে কাজ করার পর থেকেই তিনজনের মধ্যে সুদৃঢ় ও চমৎকার সম্পর্ক গড়ে ওঠে। কুশল বিনিময়ের পর উপহার প্রদান ও স্মৃতির আড্ডায় মেতে ওঠেন সবাই। আড্ডার ফাঁকেই কাটা হয় জন্মদিনের কেক।
পুরো আয়োজনে সুরের মূর্ছনা ছড়িয়ে দেন সংগীতশিল্পী রাশেদ ও তানজিন মিথিলা। সাকীল মোহাম্মদ দীপনের গিটারের সুরে তারা ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’, ‘আমি রূপনগরের রাজকন্যা’, ‘লাগজা গালে’সহ বেশ কিছু জনপ্রিয় গান গেয়ে শোনান। শিল্পীদের কণ্ঠে মুগ্ধ হয়ে গানের ভূয়সী প্রশংসা করেন শবনম।
ঢাকায় স্থায়ীভাবে ফেরার পর এমন ঘরোয়া আড়ম্বরপূর্ণ আয়োজন কখনোই হয়নি জানিয়ে শবনম শাবনাজ, মিমি ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। শাবনাজ ও আফসানা মিমিও শবনমের সান্নিধ্য পেয়ে আবেগাপ্লুত হন এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।