রামিসা হত্যাকান্ডের বিচার চেয়ে মাহবুবুল খালিদের গান

ধর্ষণ ও নির্মম হত্যাকান্ডের শিকার শিশু রামিসাকে উৎসর্গ করে গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদ রচনা করেছেন ‘রামিসাদের বিচার’ শিরোনামের এক প্রতিবাদী গান। খুন, ধর্ষণ ও শিশু নির্যাতন বন্ধের আহ্বান জানানো এই গানে গীতিকারের সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন অবন্তি সিঁথি, রাফসান এবং টুটুল। সম্প্রতি গানটি ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও অফিশিয়াল ওয়েবসাইটে শ্রোতাদের জন্য অবমুক্ত করা হয়েছে।

সামাজিক অসংগতি, নির্যাতন ও নানা মানবিক সংকটের বিরুদ্ধে বরাবরই সোচ্চার থেকেছেন মাহবুবুল খালিদ। রামিসাকে নিয়ে এই গানটি তার সেই ধারাবাহিক প্রতিবাদেরই নতুন সংযোজন। এর আগেও তিনি আদুরি, সীমান্তে নিহত ফেলানী ও মাগুরার নির্যাতিত আছিয়াকে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে গানে গানে সচেতনতা তৈরি করেছিলেন। শুধু দেশীয় প্রেক্ষাপটই নয়, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটের মতো বৈশ্বিক ইস্যুও বারবার উঠে এসেছে তার সৃষ্টিতে।