আশা ভোঁসলেকে এ আর রহমানের শ্রদ্ধাঞ্জলি

বিশেষ মিউজিক ভিডিওতে থাকছেন শাহরুখ

ভারতীয় সংগীতের প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী আশা ভোঁসলেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানাতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। কিংবদন্তি এই গায়িকার স্মরণে তৈরি হচ্ছে ‘আশা ফরএভার’ শিরোনামের একটি বিশেষ মিউজিক ভিডিও, যেখানে চমক হিসেবে হাজির হচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান।

চলতি বছরের ১২ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলে। জীবিত থাকতেই তাকে উপহার দেওয়ার উদ্দেশ্যে এআর রহমান এই প্রজেক্টের পরিকল্পনা করেছিলেন। অবশেষে সেই ভাবনাকে নতুনরূপে বাস্তবায়ন করতে চলেছেন তিনি।

সামাজিক মাধ্যমে সুখবরটি জানিয়ে এ আর রহমান লেখেন, ‘আশা ভোঁসলেজির প্রতি শ্রদ্ধা জানানোর এই ভিডিওতে যুক্ত হতে রাজি হয়েছেন আমাদের প্রিয় শাহরুখ খান। তাকে আন্তরিক ধন্যবাদ।’ জানা গেছে, মিউজিক ভিডিওটিতে এ আর রহমানের নিজের সুর ও কণ্ঠের পাশাপাশি একাধিক শিল্পীর গায়কিও থাকবে। তবে সবচেয়ে বড় চমক হলো, এতে স্বয়ং আশা ভোঁসলের কণ্ঠও রাখা হচ্ছে।

ভিডিওটির মুক্তির তারিখ এখনো ঘোষণা না হলেও খুব শিগগিরই তা প্রকাশ্যে আসবে।