ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. রাজন (৩৫) নামের এক কয়েদি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। সোমবার (১৭ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই ঘটনা ঘটে। 

সোমবার বিকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিকাল সোয়া ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে বন্দি ছিলেন (কয়েদি নম্বর: ৯২৩০/এ)। তার বাবার নাম মৃত নুরুল ইসলাম। তবে তিনি কোন মামলায় সাজাপ্রাপ্ত বা বন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ঢামেক হাসপাতালে রাজনকে নিয়ে আসা কারারক্ষী মো. রাজীব জানান, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কারাগারে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাজন। পরবর্তীতে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাতে কয়েদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে কারা কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।