ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

ঢাকার কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত কয়েদির নাম মোহাম্মদ রাজন (৩৫)।

কারাগার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রাজন কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে প্রাথমিকভাবে তাকে উদ্ধার করে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মোহাম্মদ রাজীব জানান, মোহাম্মদ রাজন কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, রাজন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নম্বর ৯২৩০/এ। তার বাবার নাম মৃত নুরুল ইসলাম। তবে তিনি কোন মামলায় কারাগারে বন্দি ছিলেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত