তামিলনাড়–তে কৃষিঋণে মওকুফ-ছাড়ের ঘোষণা

কৃষকদের জন্য বড় ধরনের ঋণ ছাড়ের ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়–র মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এ ঘোষণার আওতায় সমবায় ব্যাংক থেকে নেওয়া ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ পুরোপুরি মওকুফ করা হবে। এ ছাড়া ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ হাজার রুপি পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। দায়িত্ব নেওয়ার ১০০ দিন পূর্তি উপলক্ষে এ ঘোষণা দিয়েছেন বিজয়। তামিলনাড়–র ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিধানসভায় বক্তব্য দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, কৃষি রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড। কৃষকদের সহায়তা করা ছাড়া দেশের সমৃদ্ধি সম্ভব নয়। আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও টিভিকে সরকার কৃষকদের জন্য অতিরিক্ত ৯৫৩ কোটি ৬ লাখ রুপি সহায়তা দেবে।

বিজয় জানান, চলতি বছর মে মাসে দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যেই তামিলনাড়– সরকার ৫০ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছিল। পরে এই সুবিধা বাড়িয়ে ৭৫ হাজার রুপি পর্যন্ত ঋণ পুরোপুরি মওকুফ এবং ৭৫ হাজার রুপির বেশি ঋণের ক্ষেত্রে ৩৫ হাজার রুপি পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। পিটিআইয়ের তথ্য অনুযায়ী, এতে ১৪ লাখ ৪৪ হাজারের বেশি কৃষক উপকৃত হয়েছেন। মুখ্যমন্ত্রী বিজয় আরও জানান, ২০২৬ সালের ৭ আগস্ট কৃষক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা শেষে আর্থিক সংকট এবং সমবায় ব্যাংকগুলোর সঙ্গে সময়মতো ঋণ নিষ্পত্তির বিষয়ে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নির্দেশনা বিবেচনায় নিয়েই অতিরিক্ত সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এতে মোট ঋণ মওকুফের পরিমাণ দাঁড়াবে প্রায় ৬ হাজার ২২০ কোটি রুপি। তামিলনাড়– সরকারের দাবি, কৃষকদের ঋণের চাপ কমানোর পাশাপাশি তাদের আয় ও আর্থিক স্থিতিশীলতা বাড়াতেও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তামিলনাড়–র সবশেষ বিধানসভা নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জয় পেয়েছে। এ রাজ্যের পুরনো ডিএমকে এবং এআইএডিএমকে দল দুটিকে পরাজিত করে বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করেছে। তবে সরকার গঠনের জন্য ১১৮টি আসনের চেয়ে দলটি ১০ আসন পিছিয়ে থাকায় জোট সরকার গঠন করতে হয়েছে টিভিকের। তাকে সমর্থন দেয় আইইউএমএল, কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআই (এম) এবং এআইএডিএমকের একটি বিদ্রোহী অংশ।