রাশিয়া সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট হ্লাইং

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৭:৩৪ এএম

বেসামরিক রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো রাশিয়া সফরে গেছেন মিয়ানমারের সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া সফরের লক্ষ্য হলো ‘মিয়ানমার ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং কৌশলগত সহযোগিতা বাড়ানো’। বিশেষ করে নিরাপত্তা ও অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা হবে। মিন অং হ্লাইংয়ের সঙ্গে অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারাও রয়েছেন। তার কার্যালয় জানিয়েছে, গতকাল সোমবার তিনি নেপিদো থেকে রাশিয়ার উদ্দেশে রওনা হন। এই সফরে রাশিয়ার প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার স্পিকারের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ ছাড়া মিয়ানমার-রাশিয়া অর্থনৈতিক ফোরামেও অংশ নেবেন হ্লাইং।

২০২১ সালে অং সান সু চির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের পাশে থাকা কয়েকটি দেশের মধ্যে রাশিয়া অন্যতম। ওই অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে লক্ষাধিক মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। মিয়ানমারের সামরিক বাহিনী বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে। বেসামরিক মানুষদের লক্ষ্য করে হামলা চালানোরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত