মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে অবশেষে শাস্তির মুখে পড়লেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। সিডনির ওয়েভার্লি লোকাল কোর্ট তাকে অপরাধী সাব্যস্ত করে ১,৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে। গত ইস্টার সানডের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফেরার পথে এই অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটিয়েছিলেন তিনি।
ওয়ার্নার অবশ্য গত মাসেই এমন দায় স্বীকার করে নিয়েছিলেন। এদিকে তার আইনজীবী ব্যারিস্টার আওয়াইস আহমেদ আদালতে যুক্তি দেন, রক্তে আইনি সীমার চেয়ে দ্বিগুণ অ্যালকোহল থাকা সত্ত্বেও তাকে এমন শাস্তি না দেওয়া, গণমাধ্যমে ব্যাপক সমালোচনার কারণে ওয়ার্নার ইতোমধ্যে সামাজিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাই তাকে যেন অপরাধী সাব্যস্ত করে আনুষ্ঠানিকভাবে দণ্ড না দেওয়া হয়। তবে স্থানীয় আদালতের বিচারক ক্লেয়ার ফার্নান এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, তার পাবলিক ইমেজের এই ক্ষতি তার বিশাল জনপ্রিয়তারই একটি অনুষঙ্গ।
গত ৫ এপ্রিল সিডনির পূর্বাঞ্চলে ট্রাফিক চেকিংয়ের সময় পুলিশের মুখোমুখি হন ডেভিড ওয়ার্নার। সেখানে প্রাথমিকভাবে তার অ্যালকোহল টেস্টের মারৌব্রা থানায় নিয়ে পুনরায় টেস্ট করা হয়। সেখানে তার রক্তে অ্যালকোহলের উপস্থিতি মেলে ০.১০৪ মাত্রা, যা দেশটির প্রচলিত আইনি সীমার তুলনায় দ্বিগুণেরও বেশি।
আইনজীবী ও গণমাধ্যমের এই অতিরিক্ত মনোযোগের যুক্তি সরাসরি খারিজ করে দিয়ে বিচারক ক্লেয়ার ফার্নান মঙ্গলবার আদালতে বলেন, ‘(কিন্তু) দুর্ভাগ্যবশত, নিউ সাউথ ওয়েলসের বহু সড়ক দুর্ঘটনার পেছনে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এখনও একটি বড় কারণ।’ এছাড়া গাড়িতে ছোট শিশুদের উপস্থিতি এই অপরাধের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বলে উল্লেখ করেন বিচারক। তিনি আরও বলেন যে, ওয়ার্নারের মতো তারকারা বিশাল জনপ্রিয়তার কারণেই এমন পাবলিক ইমেজের মুখোমুখি হন।
এই রায়ের ফলে ওয়ার্নারের পেশাগত ক্যারিয়ার এবং বাণিজ্যিক চুক্তিগুলো বড় ধরনের ঝুঁকিতে পড়েছে। ফক্স স্পোর্টস ও বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা এই তারকার ওপর রাজ্য সরকারের নিরাপদ ড্রাইভিং সচেতনতা ক্যাম্পেইনের প্রভাব নিয়েও প্রশ্ন উঠেছে।
নিউ সাউথ ওয়েলস ক্রিকেট, এনএসডব্লিউ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের সংস্থা নিরাপদ ড্রাইভিংয়ের একটি দৃঢ় প্রবক্তা, যার মধ্যে মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোও অন্তর্ভুক্ত। আমরা এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি এবং সব খেলোয়াড়কে নিরাপদ ড্রাইভিংয়ের গুরুত্ব সম্পর্কে সচেতন করে যাচ্ছি।’ রায়ের অংশ হিসেবে ওয়ার্নারের গাড়িতে বাধ্যতামূলকভাবে ইন্টারলক ডিভাইস স্থাপন করতে হবে, যা অ্যালকোহল শনাক্ত করলে গাড়ি স্টার্ট হতে দেবে না।
২০০৯ সালে অভিষেকের পর ১১২টি টেস্টে ৮,৭৮৬ রান করা এই বিধ্বংসী ব্যাটার ২০২৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। সম্প্রতি তিনি ফক্স ক্রিকেটের হয়ে ধারাভাষ্যকার হিসেবেও কাজ শুরু করেছেন। মঙ্গলবার সিডনির ওয়েভার্লি লোকাল কোর্ট থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি। গাড়িতে ওঠার পথে তাকে হোঁচট খেতেও দেখা যায়।