চাঁদপুরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার গাছতলা এলাকায় চাঁদপুর-ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—পিকআপ চালক ইমন (২২), অটোরিকশা চালক আনোয়ারা (৩৫), যাত্রী এনাম (৪৯), রাহাত (২৮), রাসেল খান (২৬) ও আনু ব্যাপারী (৫৫)।
স্থানীয়রা জানান, দুপুরে গাছতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান ও অটোরিকশা মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে উভয় গাড়ির চালক ও সিএনজিতে থাকা যাত্রীরা আহত হন। পরে দ্রুত আহতদের উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত ৬ জনই ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মো ইউসুফ আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।