পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদী ও অতিবৃষ্টিতে নেত্রকোনার দুর্গাপুরের রাণীখং উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নদীভাঙন ঝুঁকিতে পড়েছে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) নির্দেশনা দিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিষয়টি জানার পরপরই পাউবো কর্তৃপক্ষকে জরুরি ব্যবস্থা নেওয়ার এ নির্দেশ দেন ভারপ্রাপ্ত স্পিকার।
স্থানীয়রা জানান, সোমেশ্বরী নদীর পানির তোড়ে ও অতিবৃষ্টিতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রাণীখং উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব পাশের ১০ থেকে ১৫ মিটার অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আর মাত্র এক থেকে দেড় মিটার মাটি সরে গেলেই ভেঙে পড়বে বিদ্যালয়ের সীমানা প্রাচীর। ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
ভারপ্রাপ্ত স্পিকারের নির্দেশনা পেয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সরাসরি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম, রাণীখং ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার অশেষ দিও, রাণীখং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর পলিনুস রিছিল, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয়রা আরও জানান, রাণীখং উচ্চ বিদ্যালয় ইউনিয়নের অন্যতম একটি প্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই বিদ্যালয় আশপাশের কয়েক শতাধিক শিক্ষার্থীর একমাত্র ভরসা। ফলে বিদ্যালয়টি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হবে শিক্ষার্থীদের। তবে ভাঙনরোধে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয়রা।
পরিদর্শন শেষে নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, জরুরি ভিত্তিতে ভাঙনরোধে দ্রুত পাইলিং ও জিও ব্যাগ ফেলার কাজ শুরু করা হবে। এছাড়াও ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে রাণীখং উচ্চ বিদ্যালয় ও রাণীখং প্রাথমিক বিদ্যালয় সোমেশ্বরী নদীর ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা করতে নদীর ঝুঁকিপূর্ণ অংশে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিজয়পুর জিরো পয়েন্ট এলাকার ভাঙন অংশগুলো ঘুরে দেখা হয়েছে এবং দ্রুত এগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।