নতুন নিরাপত্তাব্যবস্থা আনল হোয়াটসঅ্যাপ

অনলাইনে প্রতারণা ঠেকাতে ‘স্ক্যাম অ্যালার্ট’ নামে নতুন নিরাপত্তা সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। ভুয়া পরিচয়ে পাঠানো বার্তার মাধ্যমে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার প্রবণতা বাড়ায় ব্যবহারকারীদের সতর্ক করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে বেটা সংস্করণের ব্যবহারকারীদের ওপর সুবিধাটির কার্যকারিতা পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ।

নতুন সুবিধাটি ফোনে থাকা মেশিন লার্নিং মডেল ব্যবহার করে অপরিচিত ব্যক্তিদের পাঠানো সম্ভাব্য প্রতারণামূলক বার্তা শনাক্ত করবে। কোনো বার্তাকে সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট চ্যাটে সতর্কবার্তা দেখাবে। সেখান থেকেই ব্যবহারকারী চাইলে ওই অ্যাকাউন্ট ব্লক বা হোয়াটসঅ্যাপের কাছে অভিযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপের দাবি, স্ক্যাম অ্যালার্ট ঐচ্ছিক সুবিধা এবং এর কার্যক্রম ফোনের মধ্যেই সম্পন্ন হবে। ফলে বার্তা বিশ্লেষণের জন্য কোনো তথ্য বাইরে পাঠানোর প্রয়োজন হবে না। এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কারণে হোয়াটসঅ্যাপ বা মেটাও ব্যবহারকারীর ব্যক্তিগত বার্তা পড়তে পারবে না।

ভুল করে কোনো চ্যাটকে প্রতারণামূলক হিসেবে শনাক্ত করা হলে ব্যবহারকারী সেটিকে ‘বিশ^স্ত’ হিসেবে চিহ্নিত করতে পারবেন। চাইলে ওই চ্যাটের সর্বশেষ পাঁচটি বার্তা হোয়াটসঅ্যাপের সঙ্গে শেয়ার করে সুবিধাটির নির্ভুলতা বাড়াতেও সহায়তা করতে পারবেন। যেকোনো সময় স্ক্যাম অ্যালার্ট বন্ধ করার সুযোগও থাকবে। এদিকে জিরো-ক্লিক প্রযুক্তিনির্ভর স্পাইওয়্যার হামলার ঝুঁকিও বাড়ছে। এতে কোনো লিংকে ক্লিক বা ফাইল খোলা ছাড়াই ফোনে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করানো সম্ভব। ফলে ব্যক্তিগত নিরাপত্তায় এমন উদ্যোগের গুরুত্ব আরও বাড়ছে।