বাংলাদেশ রোইং ফেডারেশনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নতুন রোডম্যাপ ঘোষণা করেছে নবগঠিত অ্যাডহক কমিটি। স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা, আধুনিক ক্রীড়া সরঞ্জাম সংগ্রহ, সারা দেশ থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী করে অ্যাথলেটদের গড়ে তোলাকে অগ্রাধিকার দিয়েছে তারা। সোমবার রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে বাংলাদেশ রোইং ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম নির্বাহী সভায় এসব পরিকল্পনার কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি এম শোয়েব চৌধুরী। সভা শেষে তিনি বলেন, ‘রোইং ফেডারেশনকে একটি মডেল ফেডারেশনে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিতকরণ, আধুনিক সরঞ্জাম সংগ্রহ এবং উন্নত অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে দ্রুততম সময়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য পদক বয়ে আনার ভিত্তি তৈরি করা হবে।’
আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফল করতে হলে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছে নতুন কমিটি। এ লক্ষ্যে সারা দেশে বিশেষ প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন জেলা থেকে সম্ভাবনাময় খেলোয়াড় বাছাই করে তাদের দীর্ঘমেয়াদি ও নিবিড় প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরফুদ্দিন আলী। রোইংয়ের তিনটি প্রধান ক্ষেত্র ইনডোর রোইং, রোইং বোট এবং ড্রাগন বোট/ঐতিহ্যবাহী বোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা সাজিয়েছে ফেডারেশন। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রতিযোগিতার প্রস্তুতির জন্য দ্রুত আধুনিক সরঞ্জাম সংগ্রহের সিদ্ধান্তও হয়েছে।
সভায় ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক ডা. ফকির মোহাম্মদ আব্দুল আজিজ রাজু, সাবেক জাতীয় খেলোয়াড় শেখ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।